কুড়িগ্রামের কচাকাটায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের বেরুবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও ধর্ষণের শিকার মেয়েটির পরিবারের লোকজন জানায়, বিকেলে শিশুটি পাশের বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় ওই বাড়ির মালিক ৬০ বছরের হবিবর রহমান মেয়েটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদিকে জানায়। এ সময় মেয়েটির রক্ত ক্ষরণে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লি চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। এরপর ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
শিশুটির দাদা বাদী হয়ে, হবিবরকে আসামি করে কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। অভিযুক্ত ধর্ষককে আটক করেন। রাতেই তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বুধবার হবিবরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার আল আমিন মাসুদ জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। তার স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।
জানা যায়, ধর্ষক হবিবর রহমান পেশায় একজন কৃষক। তার ৬ সন্তানের মধ্যে চারজন ছেলে এবং দুজন মেয়ে। সন্তানদের সবাই বিবাহিত। ধর্ষণের শিকার শিশুটি তার দূর সম্পর্কিত নাতনি।
