মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল বুধবার দুপুরে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। গত ২৮ জানুয়ারি দৈনিক দেশ রূপান্তরে মানিকগঞ্জে অবৈধ ইটভাটা চলছেই শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
মানিকগঞ্জ কৃষি ইনস্টিটিউটের পাশে এ দুটি ইটভাটা গেল বছর ডিসেম্বর মাসে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আংশিক ভেঙে দেয়। সেই সঙ্গে ১ লাখ টাকা করে ভাটা দুটি থেকে জরিমানা আদায় করা হয়। কিন্তু ভাঙার কিছুদিন পর আবার ভাটা চালু করে কর্তৃপক্ষ।
আশরাফুল আলম গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা ভেঙে দিই। কিন্তু কয়েক দিন যাওয়ার পরই অবৈধভাবে আবার ইটভাটা চালু করা হয়। যেহেতু তমা ও মানিকগঞ্জ ব্রিকস দুটি কৃষি ইনস্টিটিউট সংলগ্ন তাই এ দুটি আগে ভেঙে দিলাম। সময় থাকলে আজকে (গতকাল) আরও অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে বাকি অবৈধ ভাটাগুলো ভেঙে দেওয়া হবে।’
অভিযানে সহযোগিতা করে সাটুরিয়া থানা পুলিশ, মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস।
