মুর্শিদাবাদে সিএএবিরোধী বন্ধে গুলিতে নিহত ২

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৫:২২ এএম

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে ডাকা বন্ধে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গিতে গুলিতে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বন্ধের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এ গুলির ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ‘নবজাগরণ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন গতকাল বুধবার জলঙ্গি থানা এলাকার সাহেবনগরে সিএএ বাতিলের দাবিতে এবং এনআরসির বিরুদ্ধে

 বন্ধের ডাক দেয়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, তৃণমূল কর্মী-সমর্থকরা লাঠিসোটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে বন্ধ সমর্থনকারীদের সরে যেতে বলেন। এরপরই তৃণমূল কর্মী-সমর্থক এবং বন্ধ সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

ইমদাদুল হক নামে অন্য এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ‘তৃণমূলের ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল নিজে ঘটনাস্থলে ছিলেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েতপ্রধান। তাদের নির্দেশেই তৃণমূলের লোকজন বাজারে থাকা জমায়েত লক্ষ্য করে বোমা মারে। এলাকার মানুষ প্রতিরোধ করতেই তারা ফিরে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি চালায়। সেই গুলিতে মারা গিয়েছেন সানারুল বিশ্বাস ওরফে আনারুল বিশ্বাস (৬০) ও সালাউদ্দিন শেখ (১৭)।’ এলাকাবাসীর দাবি, আরও অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান এ দিনের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘শারজিল ইমামের গ্রেফতারের প্রতিবাদে বন্ধের ডাক দিয়েছিল একটি অরাজনৈতিক মঞ্চ। কিন্তু সেখানে সিপিএম-কংগ্রেসের সঙ্গে মিম-পিএফআইর মতো মৌলবাদী শক্তি ঢুকে পড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমার দলের নেতৃত্ব কেন গুলি চালাতে যাবে? এসব মিথ্যে অভিযোগ। পুলিশ তদন্ত করুক। কিছু দুষ্কৃতকারী গুলি চালিয়ে এলাকায় অশান্তি করছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত