সবাই নির্ভয়ে পহেলা ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাবেন : ইশরাক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৫:৩৬ এএম

সব ভোটারকে নির্ভয়ে পহেলা ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গতকাল বুধবার বংশালে যুবদল অফিসের সামনে গণসংযোগ ও নির্বাচনী প্রচার

চালানোর সময় তিনি এ আহ্বান জানান।

ইশরাক বলেন, ভোটের আর মাত্র দুদিন বাকি। মা-বাবা, ভাই-বোন যারা ভোটার আছেন তাদের সবার প্রতি আবেদন সবাই নির্ভয়ে আগামী পহেলা ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাবেন। আমাদের দল আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আমাদের জীবন দিয়ে হলেও আমরা আপনাদের সুরক্ষা দেব ইনশাআল্লাহ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিলÑ জনগণ রাষ্ট্র পরিচালানা করবে, জনগণ দেশ পরিচালনা করবে। সেই অধিকার আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না মন্তব্য করে বিএনপির এ মেয়র প্রার্থী বলেন, ‘ধানের শীষের পক্ষে গণজোয়ার রাজধানীর সীমানা পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ জোয়ার ঠেকানোর সাধ্য কারও নেই।’ অবিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বলেন, ‘তফশিল ঘোষণার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে আমরা এ পর্যন্ত এসেছি। এ গণজোয়ার ধানের শীষে ভোট দেওয়ার পক্ষে, গণতন্ত্রের মুক্তির পক্ষে, মানুষের অধিকার প্রতিষ্ঠার।’

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, সরকার ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে নানাভাবে ষড়যন্ত্র করছে। ভোট ডাকাতির পরিকল্পনা করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করেছিল। এবার তারা ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতির চেষ্টা করছে। সে কারণেই নেতাকর্মীদের সকাল থেকে রাত পর্যন্ত এবং এজেন্টদের ভেতরে থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যাতে তারা ইভিএমে ভোট ডাকাতি করতে না পারে।

সেখানে আরও ছিলেন বিএনপির সহসভাপতি নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন নবী খান সোহেল, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এর আগে গোপীবাগের নিজ বাসায় সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ভোটের মাঠে সব ধরনের দায়িত্ব পালন করবে। হামলা-মামলা হুমকি-ধমকি উপেক্ষা করে যাতে ভোট দিতে পারেন সেজন্য আমাদের কর্মীরা মাঠে থাকবে।’ তিনি বলেন, ‘আমরা কিন্তু অনেক জায়গা থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু অসাধু পুলিশ কর্মকর্তা রয়েছে। যেমন ওয়ারী থানার কর্মকর্তা দলীয় ভূমিকা পালন করছে।’ ইশরাক বলেন, ‘আমাদের বিরুদ্ধে সরকারি কিছু পোর্টাল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জনগণ এগুলো গ্রহণ করেনি। সেগুলো তারা হাস্যরস হিসেবে নিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত