ইউনাইটেডকে বিদায় করে ফাইনালে সিটি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১১:২১ এএম

সেমি-ফাইনালের ফিরতি লেগে হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকার সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ছিটকে দিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠে বুধবার রাতে শেষ চারের ফিরতি লেগে ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারে সিটি। কিন্তু প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-১ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠল গেপ গার্দিওলার দল।

ম্যাচের প্রথম পনেরো মিনিটে খেলায় দাপট দেখায় সিটি। এই সময়ে সের্হিও আগুয়েরো ও রিয়াদ মাহরেজে তিনবার গোলের খুব কাছে চলে গিয়েছিল দলটি। তিনবারই তাদের ব্যর্থ করেন অতিথি ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড দে হেয়া।

ম্যাচের একমাত্র গোলটি হয় ৩৫তম মিনিটে। সেট পিস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে ইউনাইটেডকে এগিয়ে নেন নামেজা মাতিচ। বিরতিতে যাওয়ার ঠিক আগে সমতা ফিরিয়েছিলেন সিটি’র রাহিম স্টার্লিং। কিন্তু অফ সাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি।

দ্বিতীয়ার্ধে গোলের আরও একটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন স্টার্লিং। গোলরক্ষকে ফাঁকি দিয়েছিলেন বটে। কিন্তু তার শট লাগে গোলবারে।

ম্যাচের ৭৬তম মিনিটে মাতিচ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ইউনাইটেড।  কিন্তু সুযোগটি কাজে লাগিয়ে হার এড়াতে পারেনি সিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত