ঢাকার দুই সিটি নির্বচনে কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১০:৪২ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিস্থিতি পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সুন্দরভাবেই সব প্রস্তুতি নেয়া রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। ইসি যেভাবে যেখানে মনে করছে, সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

গোপীবাগে ইশরাকের নির্বাচনী প্রচারণায় দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগের একটি অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। প্রচারণা থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শুধু ওই ঘটনাই নয়, বুধবার গুলশানে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায়ও জড়িতের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

ঢাকার দুই সিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি সুন্দর পরিবেশে ভোট দিয়ে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে জয়ী করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত