হাকালুকি হাওরে বেড়েছে অতিথি পাখি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১১:২৭ পিএম

দুদিনের পাখি শুমারিতে মৌলভীবাজারের হাকালুকি হাওরে ৫৩ প্রজাতির ৪০ হাজার ১২৬টি পাখি পাওয়া গেছে, যা গতবারের চেয়ে বেশি। বাংলাদেশ বার্ড ক্লাব ও আইইউসিএন বাংলাদেশের উদ্যোগে গত ২৮ ও ২৯ জানুয়ারি হাকালুকি হাওরের ৪০টি বিলে জলচর পাখি শুমারি করা হয়।

পাখি শুমারিতে অংশ নেন ড. পল থমসন, ইনাম আল হক, ওমর শাহাদাত, শাহেদ ফেরদৌস, শফিকুর রহমান ও তারেক অণু। এ সময় ৫৩ প্রজাতির ৪০ হাজার ১২৬টি জলচর পাখি পাওয়া গেছে বলে গত বুধবার রাতে জানায় বাংলাদেশ বার্ড ক্লাব।

বাংলাদেশ বার্ড ক্লাবের দেওয়া তথ্য অনুসারে, এ বছর পাখির সংখ্যা ২০১৯-এর চেয়ে সামান্য বেশি এবং ২০১৮ ও ২০১৭-এর চেয়ে কম। ২০১৯ সালে হাকালুকিতে ৩৭ হাজার ৯৩১টি পাখির দেখা মেলে। এর আগে ২০১৮ সালে ৪৫ হাজার ১০০টি এবং ২০১৭ সালে ৫৮ হাজার ২৮১টি পাখির দেখা মেলে শুমারিতে।

তবে আশার কথা হচ্ছে, এ বছর হুমকির মুখে আছে এমন ছয় প্রজাতির পাখি পাওয়া গেছে। তার মধ্যে মহাবিপন্ন– বেয়ারের ভূতিহাঁস, সংকটাপন্ন পাতি ভূতিহাঁস এবং প্রায়-সংকটাপন্ন মরচে রং ভূতিহাঁস, ফুলুরি হাঁস ও কালামাথা কাস্তেচরা, উত্তুরে টিটি, উদয়ী গয়ার অন্যতম।

হাকালুকির ৪০টি বিলের মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৪৩০টি পাখি পাওয়া গেছে চোকিয়া বিলে এরপর ৫ হাজার ১৪৭টি পাখি পাওয়া গেছে চ্যাতলা বিলে। ফুটবিলে ৪ হাজার ৯৮৩টি পাখি ও বালিয়াজুরি বিলে ৩ হাজার ৩০৫টি পাখি পাওয়া গেছে।

তবে এর পাশাপাশি হাওর-খাল-বিলে বিষটোপ দিয়ে মারা পাখি পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বার্ড ক্লাবের সহসভাপতি তারেক অণু। তিনি বলেন, দুদিনব্যাপী হাকালুকি হাওরের ৪০টি বিলে পাখি শুমারি চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত