ধানের শীষের গণজোয়ার দেখে অপপ্রচার চালানো হচ্ছে : ইশরাক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০১:৪৫ এএম

ধানের শীষের গণজোয়ার দেখে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচনী প্রচারের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ অভিযোগ করেন।

এ সময় আরিফ নামে গ্রেপ্তার একজনকে পুলিশ আপনার ব্যক্তিগত সহকারী দাবি করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘আমার কোনো ব্যক্তিগত সহকারী নেই। আমি বিএনপি থেকে নির্বাচন করছি। এখানে প্রচারে হাজার হাজার নেতাকর্মী আসেন। তারা স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড ও প্রচারে অংশ নিচ্ছেন। এসব নিয়ে বাইরে কে, কী বলল তা আমি বলতে পারব না।’ তিনি দাবি করেন, ‘ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনের দুদিন আগে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য; জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য সুপরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’

১৭০টি কেন্দ্র দখলে বাইরে থেকে বিএনপি সন্ত্রাসী ভাড়া করে এনেছে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দাবির বিষয়ে তিনি বলেন, ‘এটি একেবারে অবাস্তব কথা। বরং আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ সারা দেশে জেলা কমিটি করে লঞ্চ ভরে ঢাকায় লোক এনেছে। আমি খুব শঙ্কিত যে, তারা ভোটের দিন কী করতে চাচ্ছে? বুধবার রাতে আমাদের দক্ষিণ যুবদলের সভাপতির বাসা ছাড়াও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। কয়েক দিন আগে প্রচারে হামলার ঘটনায় যারা আহত হয়েছে, তাদের বাড়িতেও অভিযান চালানো হয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘কয়েক দিন ধরে প্রচারে বাধা, হামলা-মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের ব্যস্ত রাখা হয়েছে। তারপরও আমরা এজেন্ট নিয়োগ থেকে শুরু করে সবকিছু সম্পন্ন করেছি। পোলিং এজেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কেন্দ্র পরিচালনা কমিটি নিয়েও সমস্যা নেই। আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মী পুরোপুরি মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচনের দিন ভোটারদের সহযোগিতার জন্য যা যা করা দরকার, সবকিছুই করা হবে।’

এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল, আবু নাছের মোহাম্মাদ রহমতুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত