ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর পুরো নিয়ন্ত্রণে রয়েছে। সুন্দরভাবেই সব প্রস্তুতি নেওয়া রয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। ইসি যেভাবে যেখানে মনে করছে, সেখানেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাকের নির্বাচনী প্রচারে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের একটি অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। প্রচারণা থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শুধু ওই ঘটনাই নয়, বুধবার গুলশানে নির্বাচনী প্রচারে সংঘর্ষের ঘটনায়ও জড়িতের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঢাকার দুই সিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আশা করে মন্ত্রী বলেন, ১ ফেব্রুয়ারি সুন্দর পরিবেশে ভোট দিয়ে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে জয়ী করবেন।
