মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, আগামী এপ্রিল মাসে দেশের সকল মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিন্ন কোন পথে এ সংসদ চালানোর সরকারের কোন ইচ্ছে নেই।
এ সময় তিনি বলেন, রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশিত হবে। তবে এই মার্চ মাসে হচ্ছে না। কারণ এ তালিকা তৈরিতে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করার জন্য একটু সময় নিচ্ছি। কুড়িগ্রামের জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের তথ্য সংবলিত যে বীরগাঁথা তৈরি করেছেন তা আমাদের কাছে হস্তগত হয়েছে। এটি অত্যন্ত প্রশংসিত হয়েছে। আমরা আশা করছি একইভাবে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস যাতে সংরক্ষিত হয়। সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।
মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রসঙ্গে তিনি বলেন, নতুনভাবে যাচাই বাছাইয়ে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে সারা বাংলাদেশে প্রায় ৭০ হাজার আপিল করেছেন। সেই আপিলের ফলাফলই হবে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা।
মন্ত্রী শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে এক মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোসাম্মাৎ সুলতানা পারভিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।
