এ বিজয় ঢাকাবাসীর বিজয়: তাপস

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নিজের জয়কে ঢাকাবাসীর জয় বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর সড়কে অবস্থিত নিজ রাজনৈতিক কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এ কথা জানান।

বঙ্গবন্ধু ও সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফজলে নূর তাপস বলেন, উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে এ বিজয় আমি ঢাকাবাসীকে উৎসর্গ করছি। এ বিজয় ঢাকাবাসীর বিজয়। আমার বিশ্বাস ছিল ঢাকাবাসী উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে অভূতপূর্ব সাড়া দেবে। দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গেই আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করব। ঢাকাবাসীর কাঙ্ক্ষিত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।

তিনি বলেন, যারা কাউন্সিলর রয়েছেন এবং একই সঙ্গে আমাদের নেতাকর্মীদের অনুরোধ করব প্রচারণার সময় যেসব ব্যানার-ফেস্টুন-পোস্টার লাগানো হয়েছে তা যেন সোমবারের মধ্যে অপসারণ করা হয়।

সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা যে গুরু দায়িত্ব পেয়েছি, সে দায়িত্ব পালনের সদা সচেষ্ট থাকব। কোনো বিশৃঙ্খলা ও অশুভ শক্তি যেন ঢাকাকে অচল না করতে পারে, সেদিকে আমরা খেয়াল রাখব। যিনি পরাজিত হয়েছেন তার প্রতিও আমার সমবেদনা রইলো। আমি আশা করি উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তিনিও আমাদের সহযোগিতা করবেন। ঢাকার উন্নয়নের স্বার্থে প্রয়োজনে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা কাজ করব।

ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ঢাকাবাসী উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে যে রায় দিয়েছেন এটাকে সবার সম্মান করে গ্রহণ করা উচিত ছিল। জনগণের রায় এভাবে প্রত্যাখ্যান করায় আমি খুব মর্মাহত হয়েছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত