এসএস স্টিলের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার জালিয়াতির অভিযোগ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৪ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড অভিনব পন্থায় জালিয়াতি করে অন্য কোম্পানির নামে বরাদ্দ করা প্লেসমেন্ট শেয়ার হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। প্রায় একই নামে অন্য এক কোম্পানি খুলে এসএস স্টিলের প্লেসমেন্ট শেয়ার হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ওই জালিয়াতির সঙ্গে এসএস স্টিলের চেয়ারম্যান জাভেদ অপগ্যানহ্যাপেন জড়িত বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শোর ক্যাপ হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে এমন অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শোর ক্যাপ হোল্ডিংসের কোম্পানি সচিব মুহম্মদ মাজাহারুল ইসলাম বলেন, ‘২০১০ সালে নিবন্ধিত কোম্পানি শোর ক্যাপ হোল্ডিংস লিমিটেড। ২০১৫ সালের জুন মাসে কোম্পানিটি এসএস স্টিল লিমিটেডের ৯৯ লাখ ৯১ হাজার প্লেসমেন্ট শেয়ার ক্রয় করে। আইসিবি ইসলামিক ব্যাংকের ছয়টি চেকের মাধ্যমে ওই বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে শেয়ারের মূল্য হিসাবে ৯ কোটি ৯৯ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপর আরজেএসসির মাধ্যমে এসএস স্টিল লিমিটেডের শেয়ার বরাদ্দ দেওয়া হয়। ২০১৭ সালে এসএস স্টিলের শেয়ার হোল্ডিংয়ের তথ্যেও শোর ক্যাপ হোল্ডিংস লিমিটেডের নামে ওই শেয়ার দেখানো হয়।’

২০১৮ সালে পুঁজিবাজারের আইপিও প্রসপেক্টাসে ‘শোর’, ‘ক্যাপ’ শব্দ দুটিকে একসাথে করে ‘শোরক্যাপ’ ও ‘হোল্ডিংস’-এর ‘এস’ অক্ষর বাদ দিয়ে ‘হোল্ডিং’ করা হয়। এ বিষয়ে আপত্তি করলে এসএস স্টিল এটাকে ‘টাইপিং মিসটেক’ বলে দাবি করে। তার পরও ২০১৮ সালের রিটার্নে আরজেএসসিকে ম্যানেজ করে এসএস স্টিলের শেয়ার হোল্ডিংয়ের তথ্যে (ফরম ১০) নতুন সৃষ্ট জালিয়াত কোম্পানি ‘শোরক্যাপ হোল্ডিং লিমিটেড’-এর নামে ওই প্লেসমেন্ট শেয়ার দেখানো হয়, যার মালিকানায় রয়েছে জাভেদ অপগ্যানহ্যাপেনের আত্মীয় হাসনা অপগ্যানহ্যাপেন এবং অন্যজন এসএস স্টিলের স্বতন্ত্র পরিচালক সাদাত রহমান। এদিকে এসএস স্টিলের চেয়ারম্যান জাভেদ অপগ্যানহ্যাপেনের জালিয়াতির ঘটনায় চলতি বছরের ১৫ জানুয়ারি শোরক্যাপ হোল্ডিংয়ের নামে থাকা বিও অ্যাকাউন্টে এসএস স্টিলের ৯৯ লাখ ৯১ হাজার প্লেসমেন্ট শেয়ার বিক্রিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত।

প্লেসমেন্ট শেয়ার জালিয়াতির অভিযোগের বিষয়ে এসএস স্টিলের কোম্পানি সচিব সাজ্জাদ রহমান দেশ রূপান্তরকে বলেন, কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এমন অভিযোগ তুলছে। ২০১৫ সালে যদি তারা টাকা দিয়ে থাকেন, তাহলে তারা এতদিন পর কেন অভিযোগ তুলছেন, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেন, যারা অভিযোগ তুলেছেন, তারা বিভিন্ন সময়ে পুঁজিবাজারে কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তারাই এখন নতুন করে চক্রান্ত করছেন। ২০১৭ সালে কোম্পানির আইপিও প্রসপেক্টাসে প্লেসমেন্টধারীদের নাম রয়েছে। তখন তারা কোনো অভিযোগ জানাননি। প্রসপেক্টাসে শোরক্যাপ হোল্ডিং লিমিটেডের নামে যে প্লেসমেন্ট শেয়ার দেখানো হয়েছে, সেই কোম্পানিটি অনেক দিন আগে থেকেই নিবন্ধিত বলে জানান সাজ্জাদ রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত