করোনাভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৩ এএম

করোনাভাইরাসে মৃতের ঘটনা এখন আর চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। ফিলিপাইনে ওই ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। চীনের বাইরে প্রাণঘাতী এ ভাইরাসটিতে আক্রান্ত কারও মৃত্যুর এটি প্রথম ঘটনা। মৃত ব্যক্তি চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ফিলিপাইনে গিয়েছিল বলে জানিয়েছে বিবিসি। ৪৪ বছর বয়সী এই রোগী ফিলিপাইনে যাওয়ার আগেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল, এমন ধারণা করা হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। ফিলিপাইনের স্বাস্থ্য দপ্তর জানায়, ওই ব্যক্তি রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরে নিউমোনিয়ার তীব্র সংক্রমণ ধরা পড়ে।

এ ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে যাদের অধিকাংশই ঘটেছে হুবেই প্রদেশে। আর চীনসহ বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।

ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো ডুকেত্রেস জানিয়েছেন, ‘রোগটি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী যথাযথ গুরুত্ব দিয়ে মৃতদেহের ব্যবস্থাপনা করার জন্য আমরা চীনের দূতাবাসের সঙ্গে কাজ করে যাচ্ছি।’

চীন থেকে আসা যেকোনো বিদেশি ভ্রমণকারীর আগমন বন্ধ করার ঘোষণা দেওয়ার কিছু পরই করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যুর কথা জানায় ফিলিপাইন। এর আগে তারা শুধু প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবেই থেকে আসা লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ভ্রমণ নিষেধাজ্ঞা ও গণপরিবহন বন্ধ করেও এ ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকানো যাচ্ছে না। আটকানো যাচ্ছে না অন্য দেশে ছড়িয়ে পড়ার ঘটনা। গত শনিবার যাদের মৃত্যু হয়েছে, তাদের সবাই এবং যাদের মধ্যে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে, তাদের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই চীনের হুনান প্রদেশে প্রাণঘাতী এইচ৫এন১ বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। গত শনিবার দেশটির কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সুয়াংকিং জেলার সায়োয়াং শহরের একটি খামার থেকে এর প্রাদুর্ভাব ঘটেছে। খামারটিতে ৭ হাজার ৮৫০টি মুরগির মধ্যে ভাইরাস সংক্রমণের কারণে সাড়ে চার হাজার মারা গেছে। প্রাদুর্ভাবের পর স্থানীয় কর্র্তৃপক্ষ ১৭ হাজার ৮১৮টি মুরগি সংগ্রহ করে মেরে ফেলেছে। তবে এ ভাইরাসে মানুষ আক্রান্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করার কথা নিশ্চিত করেছে ভারত। রবিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসটিতে আক্রান্ত দ্বিতীয় রোগীকে শনাক্তের তথ্য দেয় বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে বৃহস্পতিবার একই রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল ভারত। আক্রান্ত ওই নারী গত ২৪ জানুয়ারি চীন থেকে ভারতে ফিরেছিলেন। তিনি চীনের উহানে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। দেশে ফিরে গলায় সংক্রমণের কথা জানানোর পর তাকে ত্রিশুরের একটি হাসপাতালে পৃথক ব্যবস্থায় রাখা হয়েছিল।

করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়তে থাকায় চীনে বসবাসকারী বিদেশি ও চীনা নাগরিকদের জন্য অনলাইন ভিসা পরিষেবা (ই-ভিসা) সাময়িকভাবে বন্ধ করল ভারত। ইন্দোনেশিয়াও চীন থেকে আসা এবং চীনে যাওয়ার সব ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত