লন্ডনের দক্ষিণাঞ্চলে গত রবিবার ছুরি হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ভুয়া বিস্ফোরক ডিভাইস পরিহিত হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
লন্ডন পুলিশ এই হামলাকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঘটনা বলে অভিহিত করেছে। ছুরি হামলায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা ঝুঁকিপূর্ণ।
টেমস নদীর তীরবর্তী একটি আবাসিক এলাকায় ছুরি হামলার ঘটনা ঘটে। লন্ডনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার লুসি ডি’অরসি বলেন, সন্দেহভাজনের শরীরে বাঁধা অবস্থায় একটি ডিভাইস পাওয়ার পর বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা তা খতিয়ে দেখে। আশপাশের এলাকা ঘিরে ফেলার পর দেখা যায় সেটি একটি ভুয়া ডিভাইস।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীর হাতে বড় আকারের ছুরি ছিল আর বুকে রুপালি রঙের পেটি বাঁধা ছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি দেখলাম ছুরি হাতে ও বুকে পেটি বাঁধা এক ব্যক্তিকে কয়েকজন ধাওয়া করছে। আমি ভেবেছিলাম তারা ছদ্মবেশী পুলিশ কর্মকর্তা, কারণ তারা সাদাপোশাকে ছিল। পরে ধাওয়া দেওয়া লোকটিকে গুলি করা হয়। আমার মনে হলো তিনটি গুলির শব্দ শুনলাম, তবে ঠিক করে মনে করতে পারছি না।’
হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় জরুরি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আহত ও আক্রান্ত সবার প্রতি সমবেদনা জানান তিনি।
