গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ নিয়ে হাইকোর্টের রুল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫১ এএম

মাতৃগর্ভে থাকা শিশু ছেলে না মেয়ে শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে তা জানা এবং প্রকাশ বন্ধে কেন নীতিমালা তৈরি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের নীতিমালা তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে এবং গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ ও প্রকাশ রোধে নীতিমালা বা নির্দেশনা প্রণয়নে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। স্বাস্থ্য সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, সমাজকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গর্ভবতী মা ও অনাগত শিশুর সুরক্ষায় গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ বন্ধের নির্দেশনা চেয়ে গত ২৬ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এমএ হালিম। সঙ্গে ছিলেন ইশরাত হাসান ও এএম জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল।

ব্যারিস্টার এমএ হালিম দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দেশে কোনো কোনো পরিবারে প্রথম কন্যা শিশু হওয়ার পর দ্বিতীয়বার, তৃতীয়বারও কন্যা শিশু শনাক্ত হলে গর্ভবতী মায়ের ওপর মানসিক নিপীড়ন করা হয়। অনেক ক্ষেত্রে লিঙ্গ পরিচয় শনাক্তে কন্যা শিশুর কথা শুনে অনেককে গর্ভপাত করাতেও বাধ্য করা হয়।’

তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ বিষয়ে নীতিমালা রয়েছে। গর্ভবতী মা অনাগত শিশুর সুরক্ষায় আমাদের দেশেও এ ধরনের একটি নীতিমালা থাকা প্রয়োজন বলে শুনানিতে বলেছি। আদালত রুল দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত