জমি নিয়ে বিরোধে প্রাণ গেল আনসার সদস্যর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০১ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে মঙ্গলবার সকালে জমি নিয়ে বিরোধে হামলা সংঘর্ষে প্রতিপক্ষের ফালার আঘাতে আব্দুল মতিন (৩৬) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।

নিহত মতিন ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে ও  বগুড়া আনসার-ভিডিপির আনসার সদস্য। এ ঘটনায় উভয় পক্ষের নারী সহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হয়েছে শহিদুল ইসলাম (৫০), আনসার আলী (৪৬), আমিনুল ইসলাম (৪০), আবু হুমরি (২৫), বেলী খাতুন (২৬), আইয়ুব আলী (২৭), শাহারা খাতুন (৪০), হাসিনা (৩০), সাইফুল ইসলাম (২৭) ।    

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, ধানগড়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের ওসমান আলী ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে ৩২ শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে ওসমান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মতিনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় মতিন তাদের বাধা দিলে প্রতিপক্ষের লোকজন শাবল দিয়ে তার বুকে ও মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়।  

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মতিনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মরদেহের ডান পাশের বুকে ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত