পরিষ্কার রাখতে হয় এগুলোও

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯ এএম

নিয়ম মেনে ঘর পরিষ্কার করা হলেও বাড়ির কিছু জিনিসের দিকে মনোযোগ খুব একটা যায় না বিধায় সেগুলো নোংরাই থেকে যায়। অথচ সেগুলো পরিষ্কার না করলেও সেখানে জমে থাকতে পারে নানা ধরনের জীবাণু। জেনে নিই এমনই কিছু জিনিসের নাম

আসবাবের নিচের মেঝে

ধুলো-ময়লা দূর করতে প্রতিদিন মেঝে পরিষ্কার করা হলেও সোফার পেছনে, খাটের নিচের অংশে অথবা অন্য আসবাবের পেছনে খুব একটা লক্ষ করা হয় না। এই জায়গাগুলোতেও ধুলো জমে থাকে। পরিষ্কার পানি দিয়ে ভালো করে সে জায়গাগুলোও মুছে নিতে হবে।

সুইচ বোর্ড

বেডরুম অথবা রান্নাঘর, প্রতিটি ঘর নিয়মমাফিক পরিষ্কার করা হলেও, সুইচ বোর্ড পরিষ্কার করার কথা সচরাচর ভাবনায় আসে না কারও। অথচ অনেক দিন পরিষ্কার না করায় বোর্ডের গায়ে জমে থাকতে পারে ধুলো বা তেল চিটচিটে ময়লার আস্তরণ। সুইচ পরিষ্কার করার জন্য টিস্যুতে ক্লিনার স্প্রে করে নিয়ে ভালোভাবে ঘষে নিন। ময়লা উঠে পরিষ্কার হয়ে যাবে দ্রুত।

টিউব লাইট

দীর্ঘদিন টিউব লাইট পরিষ্কার না করলে আলোর উজ্জ্বলতাও কমে আসতে পারে। এক মগ পানিতে তরল সাবান মিশিয়ে পরিষ্কার কাপড় দিয়ে লাইট নিংড়ে ভালো করে মুছে নিন। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

সফট টয়

প্রায় সব বাসাতেই সফট টয় থাকে। দীর্ঘদিন বাইরে রাখলে এতেও ময়লা জমে যায়। দু-তিন মাস পরপর ধুয়ে নিতে হবে সফট টয়।

মাইল্ড ডিটারজেন্টে কিছু সময় ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন। যেগুলো ধোয়া যায় না, সেগুলো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত