বইমেলার বাধা শাহবাগ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৩ এএম

শাহবাগ থেকে টিএসসির যানজট ঠেলে অমর একুশে গ্রন্থমেলায় প্রবেশ করার পর কিছুটা বিরক্তই ছিলেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আনিসা মাহমুদ। তবে বিশাল এলাকাজুড়ে খোলা প্রান্তরে বইমেলায় ঘুরে ভুলে গেলেন সেই বিরক্তির কথা। আনিসা জানালেন, ‘এবার বিশাল জায়গায় মেলা হওয়ায় ইচ্ছামতো ঘুরে বেড়ানো যাচ্ছে। আবার ক্লান্ত হলে মেলা মাঠের বেঞ্চিতে বসে জিরিয়ে নেওয়া যাচ্ছে। এবার মেলার পরিবেশ ভালো লেগেছে।’ তবে মেলা মাঠে আসতে পথের ভোগান্তির কথা জানিয়েছেন বইপ্রেমীরা। ফার্মগেট থেকে শাহবাগ হয়ে টিএসসি কিংবা মতিঝিল-পুরান ঢাকা থেকে দোয়েল চত্বর হয়ে বইমেলা প্রাঙ্গণে আসতে মেট্রোরেলের কাজের জন্য দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে বইপ্রেমীদের।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘আমরা বইমেলাকে নান্দনিক করার চেষ্টা করেছি। কিন্তু মেট্রোরেলের কাজের জন্য কিছুটা যানজটের ভোগান্তি তো পুরো শহরেই রয়েছে। এক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যাদের গাড়ি আছে, তারা যদি শাহবাগে এসে গাড়ি ছেড়ে দিয়ে হেঁটে মেলায় প্রবেশ করেন কিংবা খুব জরুরি হলে গাড়ি নিয়ে টিএসসি এসে গাড়িটি দাঁড় করিয়ে না রেখে ছেড়ে দেন তবে অন্যদের ভোগান্তি কিছুটা কমবে। পথের ভোগান্তি নিয়ে কষ্ট করে মেলায় আসার পর আমার বিশ্বাস এবার মেলার নান্দনিকতায় সবাই মুগ্ধ হবেন।’

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে ৮১টি। এ ছাড়া ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাশিল্পী হাবিব আনিসুর রহমান, কবি রেজাউদ্দিন স্টালিন, লেখক অঞ্জন আচার্য ও শিশুসাহিত্যিক পলাশ মাহবুব। মেলার মূল মঞ্চে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় অধ্যাপক হারুন-অর-রশিদ রচিত ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব : কী ও কেন’ বই নিয়ে আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোবিন্দ চক্রবর্ত্তী। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক এম অহিদুজ্জামান ও সাংবাদিক মোজাম্মেল বাবু। লেখকের বক্তব্য প্রদান করেন অধ্যাপক হারুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন কবি কামাল চৌধুরী।

প্রাবন্ধিক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী সংবিধান চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার পদ্ধতির স্থলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং বাংলাদেশের প্রতি অনুগত, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শে বিশ্বাসী সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় দল গঠন করেন। বঙ্গবন্ধুর এ উদ্যোগ রাজনৈতিক বিপ্লবের দ্বিতীয় ধরন। বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের প্রধান লক্ষ্যই তৎকালীন বিদ্যমান সমাজব্যবস্থার আমূল পরিবর্তন।’

গ্রন্থের লেখক হারুন-অর-রশিদ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিষয়ক অনেক গ্রন্থ লেখা হলেও তার দ্বিতীয় বিপ্লব নিয়ে গবেষণাধর্মী ও বিশ্লেষণমূলক গ্রন্থ নেই। বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের গুরুত্বকে তুলে ধরাই এই গ্রন্থের মূল প্রেরণা।’

সভাপতির বক্তব্যে কামাল চৌধুরী বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন তুলে ধরার যে দায়িত্ব আমাদের রয়েছে তা কেবল আবেগ দিয়েই সম্ভব নয়। এজন্য প্রয়োজন গবেষণা ও অনুসন্ধিৎসু মন নিয়ে বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনের পর্যালোচনা।’

আলোচনা পর্বের পর কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কাজী রোজী, সানাউল হক খান, দিলারা হাফিজ ও আসাদ মান্নান। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, গোলাম সারোয়ার, ঝর্ণা সরকার। সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহিম হোসেন চৌধুরী, লিলি ইসলাম, সারোয়ার হোসেন বাবু ও জয়ন্ত আচার্য। যন্ত্রানুষঙ্গে ছিলেন সুবীর চন্দ্র ঘোষ (তবলা), গাজী আবদুল হাকিম (বাঁশি), ইফতেখার হোসেন সোহেল (কি-বোর্ড) এবং নাজমুল আলম খান (মন্দিরা)। 

নতুন বই

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী গতকাল বইমেলায় নতুন বই এসেছে ৮১টি। যার মধ্যে রয়েছে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত আবদুল গাফ্ফার চৌধুরীর ‘গান্ধীর দর্শন ও শেখ মুজিবের রাজনীতি’, রফিকুল ইসলামের ‘মুক্তিযুদ্ধ সমগ্র’, বাংলা একাডেমি প্রকাশিত হারুন-অর-রশিদের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব : কী ও কেন’, পাঞ্জেরী প্রকাশিত মারুফ রসূলের ‘কাক্সিক্ষত খসড়া’, অবসর প্রকাশিত গোলাম মুরশিদের ‘রবীন্দ্রনাথের নারী-ভাবনা’, ইমরান কায়েসের ‘জন্মান্তর’, অন্যপ্রকাশ থেকে প্রকাশিত সাদাত হোসাইনের ‘মেঘের দিন’ ও একই লেখকের ‘মরণোত্তম’, সুমন্ত আসলামের ‘যদি কখনো’, অনন্যা থেকে শামসুর রাহমানের ‘উপন্যাসসমগ্র’, হক ফারুক আহমেদের কাব্যগ্রন্থ ‘মেঘদরিয়ার মাঝি’ প্রভৃতি।

আজ বুধবার মেলার আয়োজন

আজ বুধবার গ্রন্থমেলার চতুর্থ দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায়  গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে অজয় দাশগুপ্ত রচিত ‘বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল’ বই নিয়ে আলোচনা। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত