ভোটে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয় : কাদের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৬ এএম

ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের এত জনসমর্থন। সেখানে আরও বেশি ভোট আশা করেছিলাম। এজন্য প্রধানমন্ত্রী দেশে ফিরলে ওয়ার্কিং কমিটির সভা করা হবে। তবে আওয়ামী লীগের ভোটারের যে পার্সেন্টেজ, সেজন্য এ ভোট আশান্বিত নয়।

এর আগে বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ছাড়া পেয়ে সচিবালয়ে যান ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেকে দুদিনের ছুটিতে গ্রামের বাড়িতে চলে গেছেন, পরীক্ষা, পরিবহন সংকট ও আমাদের সাংগঠনিক দুর্বলতা কিছুটা দায়ী। তবুও ভালো নির্বাচন হয়েছে। বর্তমানের ভুলগুলোর পুনরাবৃত্তি ভবিষ্যতে এড়ানো যাবে। এ সময় সামগ্রিকভাবে মোটামুটি ভালো নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভোটের হার কম হওয়ার বিষয়টি ভোটারদের অনীহা কি না এমন প্রশ্নে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, ভোট কম পড়ার ক্ষেত্রে আগেভাগে শঙ্কা তৈরি করা, ভোট দেওয়া যাবে না, এ মেশিনে এমন সব প্রচারও বড় কারণ। ফলে কিছু মানুষের আগ্রহ তো কমতেই পারে। ইভিএম নিয়ে অপপ্রচার অনেক হয়েছে, সরকারি দল নিয়ে, নির্বাচন নিয়ে, বিএনপি সতর্ক থাকবে, বাইরে থেকে লোক এনেছে, এসব ইনফরমেশন তো ছিলই। তবে ভালো ইলেকশন হয়েছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো জনমত তৈরি করতে ভূমিকা রাখবে। কেননা ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার দুই সিটিতে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে বেশি ভোট পড়েছে। এখানে ২৭ প্লাস ভোট পড়েছে। ভোটের যে পার্সেন্টেজ, সে অনুযায়ী যে ভোট পড়ার কথা ছিল, তা পড়েনি। সাংগঠনিক দুর্বলতার বিষয় আছে। ওয়ার্ড পর্যন্ত কমিটি ঢেলে সাজানো দরকার। আমি সবাইকে বলেছি, কমিটি পূর্ণাঙ্গ করা হোক। ওয়ার্ডে ও সিটিতে সম্মেলন করা দরকার। সাংগঠনিক দুর্বলতা বড় না হলেও কিছুটা দুর্বলতা রয়েছে। তিনি বলেন, বিএনপি যথেষ্ট এলোমেলো, নেতৃত্বহীন। সে অবস্থায় আমার মনে হয় বিএনপি নির্বাচনে ভালো করেছে। বিএনপির পারফরম্যান্স বিবেচনা করলে এই ভোটেও তাদের ভোটের সংখ্যা কম নয়। বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হয়েছে, তা নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত