সামীম আফজালের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের রিট মুলতবি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৩ এএম

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্ত চেয়ে করা রিট আবেদনের কার্যক্রম আট সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আলম বাবর। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী নওশের আলী মোল্লা। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, ইফার সাবেক ডিজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে দুদকের পক্ষে এ তথ্য জানানোর পর আদালত এ মুলতবির আদেশ দেয়।

২০০৯ সালের জানুয়ারিতে ইফার ডিজি হিসেবে নিয়োগ পান সামীম মোহাম্মদ আফজাল। বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়ে তিনি গত বছরের ৩০ ডিসেম্বর ইফা থেকে বিদায় নেন। এর আগে গত ৩০ নভেম্বর সামীম আফজালের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। এরপর তার বিরুদ্ধে ৭৯৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৬৪৪ টাকা দুর্নীতির অভিযোগের তদন্ত করতে দুদকের প্রতি নির্দেশনা চেয়ে গত ১২ জানুয়ারি এ রিট আবেদনটি করেন ইফার সাবেক অর্থ ও হিসাব পরিচালক মুক্তিযোদ্ধা আইয়ুব আলী চৌধুরী। আবেদনে বলা হয়, সামীম আফজালের দুর্নীতির বিরুদ্ধে গত বছর ২৮ নভেম্বর দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করা হলেও এখন পর্যন্ত বিষয়টির নিষ্পত্তি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত