টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৭ এএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্য, গত সোমবার রাতে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মো. শফির ছেলে ইলিয়াছ ডাকাত ছিলেন।

র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা ক্যাম্পের ভেতর অপরাধমূলক কাজ করার জন্য অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গত সোমবার রাত ৪টার দিকে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়। তখন আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইলিয়াছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করার কথা জানিয়ে র‌্যাব কর্মকর্তা মাহতাব বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত