৩৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও বাদপড়া ৩৮ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
রায়ে বলা হয়েছে, ৩৮ জনকে ২০১৮ সালের ৩১ জুলাই প্রকাশিত এ-সংক্রান্ত গেজেটের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ নিয়োগ দিতে হবে। আর এ নিয়োগ প্রক্রিয়া আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
আইনজীবীরা জানান, ৩৬তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে বাংলাদেশ পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) অন্যদের সঙ্গে ওই ৩৮ জনকে নিয়োগের সুপারিশ করে। কিন্তু তাদের বাদ দেওয়া হয়। এরপর নিয়োগ পেতে তারা হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ১৯ ফেব্রুয়ারি তাদের নিয়োগ প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট। গতকাল সেই রুল যথাযথ ঘোষণা করে রায় ঘোষণা করা হলো।
আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস-আল-হারুনী। আইনজীবী ওয়ায়েস-আল-হারুনী জানান, হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হবে। এর আগে ৩৪ ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কিন্তু বাদপড়া ২৭ জনকে নিয়োগ দিতে গত ২৮ জানুয়ারি রায় দিয়েছিল হাইকোর্ট।
