এবারের অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বের হয়েছে কবি পলিয়ার ওয়াহিদের নতুন কাব্যগ্রন্থ ‘দোআঁশ মাটির কোকিল’।
বইটি বের করেছেন অনুপ্রাণন। প্রচ্ছদ আল নোমান। মেলায় পাওয়া যাচ্ছে ২৩১-২৩২ নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা।
বইটি প্রসঙ্গে পলিয়ার ওয়াহিদ বলেন, “কবিতা মানে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। নিজস্ব উপলব্ধির এক গভীর উপস্থাপন। সেটির নান্দনিক ও দার্শনিক রূপ দেখা যাবে এবারের আমার কবিতার বইটিতে। কল্পনা ও প্রজ্ঞার যোগসূত্রে গ্রামীণ যাপন, ফসল, মিথ, শিল্প, জীবন-মৃত্যুর দীর্ঘস্থায়ী বয়ান বলা যেতে পারে ‘দোআঁশ মাটির কোকিল’-কে।”
পলিয়ার ওয়াহিদের জন্ম যশোরের কেশবপুরে। মনোবিজ্ঞানে লেখাপড়া শেষে ঢাকায় একটি জাতীয় দৈনিকে সাংবাদিকতায় নিয়োজিত আছেন।
এর আগে প্রকাশিত তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে- ‘পৃথিবী পাপের পালকি’, ‘সিদ্ধ ধানের ওম’, ‘হাওয়া আবৃত্তি’, ‘মানুষ হবো আগে’, ‘সময়গুলো ঘুমন্ত সিংহের’।
