বুয়েটের ইতিহাসে আবরার হত্যা সবচেয়ে নির্মম: জামিলুর রেজা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিষ্ঠার ১৫৪ বছরের ইতিহাসে আবরার ফাহাদ হত্যার ঘটনাকে নির্মম বলে জানিয়েছেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

শুক্রবার দিনব্যাপী ‘বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর গ্র্যান্ড রিইউনিয়ন-২০২০ অনুষ্ঠানে তিনি এমনটা বলেন।
এই অ্যালামনাইয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সভাপতির বক্তব্যে ড. জামিলুর রেজা বলেন, ‘বুয়েট প্রতিষ্ঠার ১৫৪ বছরে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা সবচেয়ে মর্মান্তিক এবং মারাত্মক। সারা দেশ এবং সারা বিশ্বে এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। আশা করছি এর সুষ্ঠু এবং কার্যকরী বিচার হবে।’

লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুরো শিক্ষাব্যবস্থা থেকে দুরবস্থা দূর করতে হলে লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করতে হবে। লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করার মাধ্যমে শিক্ষাব্যবস্থার খারাপ অবস্থা থেকে উত্তরণ সম্ভব।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। 

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

সবাইকে দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘আমরা কি শুধুমাত্র পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য শিক্ষাগ্রহণ করছি? ভালো ছাত্র হওয়ার চেয়ে দায়িত্বশীল নাগরিক হওয়া বেশি জরুরি।’
আবরারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘আমি আমার বক্তব্যের প্রথমে আবরারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে স্মরণ করছি।বুয়েট অ্যালামনাইকে শুভেচ্ছা জানাচ্ছি এরকম সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত