যৌন হয়রানির অভিযোগ

যবিপ্রবির শিক্ষককে চড়-থাপ্পড় অভিভাবকদের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২২ এএম

যৌন হয়রানির অভিযোগ এনে ড. শিমুল সাহা নামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষককে চড়-থাপ্পড় দিয়েছেন এক ছাত্রীর অভিভাবকরা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে শিক্ষককে চড়-থাপ্পড় দেওয়ার ঘটনায় শিক্ষকদের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে যবিপ্রবির একটি বাস পালবাড়ি মোড়ে এসে পৌঁছালে কিছু শিক্ষার্থী সেখানে নামেন। এ সময় তিন যুবক বাস থেকে এক শিক্ষককে

নামিয়ে চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের নিবৃত্ত করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা বাস নিয়ে ক্যাম্পাসে চলে যান।

এ বিষয়ে জানতে সহকারী অধ্যাপক শিমুল সাহার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। অন্য শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো কথা বলতে চাননি।

বাসে থাকা একই বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তুচ্ছ ঘটনা নিয়ে নিউজ করার কিছু নেই। বিষয়টি মীমাংসা হয়ে গেছে। ওই শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীর জাহিদ জানান, ক্যামিস্ট্রি বিভাগের ২২ শিক্ষার্থীকে নিয়ে নরসিংদীতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গিয়েছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শিমুল সাহা ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে শহরের পালবাড়ি মোড়ে এক ছাত্রীর ভাই  ও বন্ধুরা শিক্ষক ড. শিমুল সাহাকে লাঞ্ছিত করেন। তাদের অভিযোগ, ওই শিক্ষক বাসের মধ্যে তাদের বোনকে যৌন হয়রানি করেছেন। শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় রাতেই থানায় জিডি করা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র তৌহিদুল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং জিডি পেয়েছেন। আসলে কী ঘটেছে সেটা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আনিসুর রহমান জানান, শিক্ষকরা রাতেই তাকে ঘটনার বিষয় অবহিত করেন। যেহেতু একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, সে কারণে সত্যতা জানতে শনিবার বিশ্ববিদ্যালয় খুললে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত