ফেইসবুকের টুইটার-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেইসবুক যে টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে সেটি শুক্রবার বিকেলে দখল করে নেয় একটি হ্যাকার গ্রুপ।

বিবিসি জানিয়েছে, আওয়ারমাইন নামের ওই গ্রুপ ফেইসবুকের টুইটার এবং ইনস্টাগ্রামে এভাবে পোস্ট দেয়, ‘এমনকি ফেইসবুকও হ্যাক করা যায়।’

ওই অ্যাকাউন্ট দুটি রিস্টোর করা হয়েছে।

আওয়ারমাইনের দাবি, তারা সাইবার বিষয়ক দুর্বলতা প্রকাশ করার জন্য এভাবে অ্যাকাউন্ট ছিনতাই করে।

হ্যাকাররা মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানের টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যাক করলেও ফেইসবুক অ্যাকাউন্ট দখল করতে পারেনি। জানুয়ারিতে এই দলটি যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের কয়েকটি বড় দলের অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে।

ফেইসবুকের টুইটার অ্যাকাউন্টে তারা লিখেছে, ‘হাই, আমরা আওয়ারমাইন। এমনকি ফেইসবুকও হ্যাক করা যায়। তবে টুইটারের চেয়ে তাদের সিকিউরিটি অন্তত ভালো।’

হ্যাকিংয়ের এই ঘটনা টুইটার নিশ্চিত করে জানিয়েছে, থার্ড-পার্টির মাধ্যমে হ্যাকড হয়েছে। অ্যাকাউন্ট ইতিমধ্যে লক করে দেওয়া হয়েছে।

আওয়ারমাইন দুবাই-ভিত্তিক একটি গ্রুপ। এর আগে তারা নামি-দামি ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে আলোচনায় আসে। টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি থেকে শুরু করে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের অ্যাকাউন্ট পর্যন্ত তারা নাড়িয়ে দেয়।

মানুষকে বিপদে ফেলার পর আওয়ারমাইন তাদের সার্ভিস ব্যবহার করে নিরাপদ থাকার ‘পরামর্শ’ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত