ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যমজ দুই ভাই লিমন সরকার (২৪) ও রিপন সরকারের (২৪) সঙ্গে একই আসরে যমজ দুই বোন তৃণা আক্তার (২০) ও তৃষা আক্তারের (২০) বিয়ে হয়েছে।
গত শুক্রবার উপজেলার বালিয়া ইউনিয়নের শালিয়াকান্দায় তৃণা ও তৃষাদের বাড়িতে এ বিয়ে হয়। পরদিন শনিবার উপজেলার কাকনী গ্রামে বর লিমন ও রিপনের বাড়িতে হয় বউভাত। দুটি অনুষ্ঠানেই ভিড় ছিল বিপুলসংখ্যক মানুষের।
তৃণা ও তৃষা হাবিবুর রহমানের মেয়ে আর লিমন ও রিপন রেজাউল করিম হাদীর ছেলে। ব্যতিক্রমী এই বিয়েতে গ্রামবাসীরা আনন্দের সঙ্গে অংশ নিয়ে দুই নতুন জুটিকে আশীর্বাদ জানিয়েছেন। দাওয়াত ছাড়াও অনেকেই এসেছেন বর-কনেদের একসঙ্গে দেখতে।
যমজ কনে বাছাইয়ের বিষয়ে লিমন ও রিপন সরকারের বাবা রেজাউল করিম জানান, এক আত্মীয়ের মাধ্যমে ছেলেদের জন্য যমজ পাত্রীর সন্ধান পান তিনি। এরপর খোঁজখবর নিয়ে পাত্রীদের পরিবারের কাছে প্রস্তাব পাঠান। একপর্যায়ে আলাপ-আলোচনায় বিয়ের দিন ঠিক হয়ে যায়।
কনেদের বাবা হাবিবুর রহমান জানান, বিয়ের প্রস্তাব পাওয়ার পর মেয়েদের সঙ্গে কথা বলেন তিনি। তারা সম্মতি দেওয়ায় বিয়ে সম্পন্ন হয়েছে।
