জাহালম ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রায় যেকোনো দিন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩০ এএম

সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা ঋণ জালিয়াতির মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) নিরপরাধ পাটকলশ্রমিক জাহালমকে আসামি করা এবং তার তিন বছর কারাবাসের পরিপ্রেক্ষিতে তিনি ক্ষতিপূরণ পাবেন কি নাÑ তা জানা যাবে যেকোনো দিন। ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ রাখে। আদালতে রুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সুভাষ চন্দ্র দাস। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী জাকির হোসেন।

সোনালী ব্যাংকের ওই ঋণ জালিয়াতির ঘটনার মূল হোতা ৩৩ মামলার আসামি আবু সালেকের পরিবর্তে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের নাগরপুরের ধুবুড়িয়া গ্রামের নিরপরাধ জাহালমকে গ্রেপ্তার ও পরে তাকে ২৬টি মামলায় কারাগারে পাঠানো  হয়। এ নিয়ে গত বছরের ২৮ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি ওই দিনই হাইকোর্টের নজরে আনা হলে আদালত জাহালমের কারামুক্তি ও ক্ষতিপূরণ প্রশ্নে রুল জারি করে। এরপর ওই বছরের ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জাহালম। ১১ জুলাই হাইকোর্টে দাখিলকৃত দুদকের প্রতিবেদনে বলা হয়, তদন্ত কর্মকর্তাদের ভুলের কারণে জাহালমকে কারাবাস করতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত