অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। গত বুধবার রাতে ঠাণ্ডা ও কিডনির সমস্যায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কবির মেয়ে মৃত্তিকা গুণ দেশ রূপান্তরকে জানান, এখন পর্যন্ত তিনি ভালো আছেন। তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে। তিনি জানান, বেশ কয়েক দিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন তার বাবা। তিন দিন আগে এ সমস্যা গুরুতর আকার ধারণ করে। বুধবার কবির কিডনিতে সমস্যা দেখা দিলে দ্রুত তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তিনি চিকিৎসক বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন। মৃত্তিকা গুণ বলেন, বাবার ভয়াবহ ঠা-া লেগেছিল। কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তার তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রিপোর্টগুলো এখনো পাওয়া যায়নি। তবে বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ডাক্তার সন্দেহ করছেন। নির্মলেন্দু গুণকে এখন চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
×
