মধ্যরাতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী বহনকারী একটি বাস। এতে গাড়িতে থাকা দুই শিক্ষক এবং চালকসহ প্রায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গত বুধবার এগ্রি-বিজনেস বিষয়ে ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নওগাঁ যান।
ফিল্ড ওয়ার্ক শেষে নওগাঁ থেকে রাজ মোটরস নামে ভাড়ায় চালিত বাসে করে শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হন। রাত দেড়টার দিকে বাসটির চালক বিত্তিপাড়া নামক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।
এ সময় ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায় আর বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসটিতে থাকা শিক্ষক-শিক্ষার্থী ও চালকসহ কমপক্ষে ৪০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় বাস ও ট্রাকচালকসহ ১২ জনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে আর ২৮ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ড. মো. পারভেজ হাসান জানান, আমাদের কাছে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অনেকেই এখন সুস্থ। কয়েকজন ছাড়া সবাইকে রিলিজ দেওয়া হয়েছে।
