সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত চার বাংলাদেশিকে সুস্থ না হওয়া পর্যন্ত দেশে ফিরিয়ে আনার সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গতকাল শনিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত ব্র্যাক সিডিএমে বিসিএস ফোরাম-৮৫ আয়োজিত বার্ষিক প্রীতি সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশিরা দেশটির সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন। সুস্থ হয়ে দেশে ফিরতে চাইলে তাদের আনা হবে।’ করোনাভাইরাস বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের অনেক শিক্ষার্থী এখনো চীনে রয়েছেন। চীনা সরকার ও পেইচিং দূতাবাস তাদের সাহায্য করছে। যারা উহান শহরের বাইরে রয়েছেন তারা নিজ উদ্যোগে দেশে ফিরে আসতে পারেন। কিন্তু উহানে যারা রয়েছেন তাদের কোরেনটাইন করে রাখা হয়েছে। তাদের দেশে আনা কষ্টসাধ্য।’ চীন ও সিঙ্গাপুর থেকে আগতদের স্কিলিং করে প্রবেশ করানো হবে বলেও জানান মাসুদ বিন মোমেন।
প্রীতি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের বর্তমান ও সাবেক সচিব এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
