বাগদাদে যুক্তরাষ্ট্র জোটের সামরিক ঘাঁটিতে হামলা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৬ এএম

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গতকাল রবিবার ভোররাতের এ বিস্ফোরণগুলো রকেট হামলার কারণে ঘটে থাকতে পারে বলে জানান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা। হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানায়নি সামরিক ঘাঁটি কর্র্তৃপক্ষ।

বাগদাদের গ্রিন জোনের ভেতরে এই ঘাঁটির পাশেই যুক্তরাষ্ট্রের দূতাবাস। প্রায়ই এই দূতাবাসের কাছে বা কখনো কখনো দূতাবাসটিতেও রকেট হামলা হয়। কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীগুলোকে এসব হামলার জন্য দায়ী করে  আসছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে খবর প্রকাশ হয়েছে। হামলার সময় সতর্কতামূলক সাইরেনও বাজানো হয় বলে জানা গেছে। ডিসেম্বরের শেষ দিকে ইরাকের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটি কে-ওয়ানে রকেট হামলায় যুক্তরাষ্ট্রের এক সৈন্য নিহত হওয়ার পর তার জের অনেক দূর গড়ায়।

সৈন্য হত্যার প্রতিশোধ নিতে ইরাকের পশ্চিমাঞ্চলে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত হাশেদ আল শাবি মিলিশিয়ার বাহিনীর একটি দলের ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ৩০ জনেরও বেশি মিলিশিয়া নিহত হয়। এর কয়েক দিনের মধ্যেই বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলেইমানি ও তার ডান হাত বলে পরিচিত হাশেদের উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস নিহত হন।

দুই কমান্ডারের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা জানিয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের তাৎক্ষণিভাবে ইরাক ছাড়ার দাবি জানিয়েছিল হাশেদের দলগুলো।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত