সাভারে পাথর বোঝাই একটি ট্রাক চাপায় আব্দুর রশিদ খান (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
সোমবার সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সুকথায় গ্রামের তাইফুর রহমানের ছেলে। তিনি একেএইচ নিটিং অ্যান্ড ডাইং নামক পোশাক কারখানায় কাজ করতেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, নিহত আব্দুর রশিদ সকালে তার দেশের বাড়ি থেকে ফিরে সাভারের বাসায় যাচ্ছিল। এ সময় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদের।
তিনি বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
