রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সম্পর্ককে দুদেশের মধ্যে ‘ঝগড়া’ বললেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, আমরা চাইছি ঝগড়ায় জড়িয়ে থাকা দুদেশের মধ্যকার সংকট দ্বিপক্ষীয় উদ্যোগে সংলাপের মাধ্যমে সমাধান হোক। কারণ তারা দুই দেশ যুদ্ধে জড়িত নয় এবং তাদের ভালো সম্পর্ক। ঝগড়া সংসারে স্বামী-স্ত্রীর মধ্যেও হতে পারে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে লি জিমিং এ মন্তব্য করেন। পরে অবশ্য সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, মূলত রোহিঙ্গা ইস্যু মিয়ানমারেরই সমস্যা, বাংলাদেশের নয়। রোহিঙ্গা ঢলের পরে বাংলাদেশ আক্রান্ত হয়েছে, এখন আপনারা মিয়ানমারের সঙ্গে আলোচনা করছেন ঝগড়া নয়, কীভাবে সমস্যার সমাধান হবে। এটাই মূল বিষয়।
সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা কাউকে রক্ষা করছি না। আমরা এই আইডিয়া নিয়ে কাজ করছি যে, আপনি যদি মিয়ানমারকে জোরে ধাক্কা দেন, তাহলে সেখানকার সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, সংঘাত আরও উসকে দিতে পারে। নিজেদের দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তির চাপ মোকাবিলার অভিজ্ঞতা থেকে চীন এমন অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন জিমিং।
রোহিঙ্গা প্রশ্নে চীনের নীতি ব্যাখ্যা করে তিনি বলেন, এটা মিয়ানমার ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সহযোগী দরকার, সেটা আমরা করছি। অদূর ভবিষ্যতে আপনারা খুব ইতিবাচক, বাস্তবিক ও সুদৃঢ় সমাধান দেখতে পাবেন। তা কেবল মুখের কথায় সীমাবদ্ধ থাকবে না।
