দুর্গাপুরে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫০ পিএম

নেত্রকোনা জেলার দুর্গাপুরে ট্রাকের চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের উৎরাইল বাজারের দক্ষিণ পাশে বালিবাহী ট্রাকের চাপায় ইশা (৮) নামের ওই শিক্ষার্থী নিহত হয়।

নিহত ইশা উপজেলার কৃষ্ণচর গ্রামের মাওলানা শরিফুল আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও মেয়ে উৎরাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এই সময় সোমেশ্বরী নদী থেকে বালিবোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে তাদের জোরে ধাক্কা দেয়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে শরিফুল আলম মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়লেও শিশু ইশা গাড়ি ছিটকে সড়কের উপর পড়লে ট্রাকটি শিশুটির মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এর আগে সোমবার বিকেলে বালুবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকে থাকা শ্রাবন্তি (২) মারা যায়। শিশুটির মাসহ ইজিবাইকের চার যাত্রী গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুব জানান, ট্রাকসহ চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত