করোনাভাইরাস: হোটেলবন্দী মানুষের বন্ধু যখন রোবট (ভিডিও)

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৩ পিএম

চীনে কভিড-১৯ করোনাভাইরাস আতঙ্কে হোটেলবন্দি মানুষ। এমনকি খাওয়ার জন্যও বের হতে পারছেন না রুম থেকে। এমন পরিস্থিতিতে তাদের দরজায় দরজায় খাবার পৌঁছে দিচ্ছে রোবট।

সিনহুয়া নিউজ জানায়, ভাইরাস মোকাবিলায় শুরু থেকে প্রযুক্তির সহায়তা নিচ্ছে চীন। রোবট, অ্যাপস ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে মানুষকে সংক্রমণ থেকে বাঁচাতে।

চীনের হনঝাউয়ের একটি হোটেলে রুমে রুমে খাবার সরবরাহ করছে রোবট। করোনাভাইরাসের কারণে রুমগুলোতে আটকা পড়েছেন অনেক অতিথি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়। জানা যায়, রোবটটির নাম লিটল পিনাট। রোবটটি স্তরে স্তরে সাজানো খাবার নিয়ে হোটেলের প্রতিটা রুমের সামনে পৌঁছে যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, খাবার নিয়ে দরজার সামনে হাজির হতেই রোবটটি জোরে ডাক দিচ্ছে, ‘হ্যালো। মিষ্টি লিটল পিনাট আপনার খাবার নিয়ে পৌঁছে গিয়েছে, তা সংগ্রহ করে নিন। সংগ্রহ করা হয়ে গেলে ফিনিশ বোতাম টিপে দিন।’

খাবার সংগ্রহের পর ফিনিশ বোতামে চাপ দেওয়া মাত্রই আবার রোবটটি বলে উঠছে, ‘খাবার উপভোগ করুন, আর কিছু প্রয়োজনে ইউচ্যাটে হোটেলের স্টাফকে জানান।’

এদিকে  চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার ১৮০০ ছাড়িয়েছে। আর বরাবরের মতোই মৃত ও আক্রান্তের সংখ্যায় এগিয়ে হুবেই প্রদেশ।

মঙ্গলবার সকালে দেশটির হেলথ কমিশনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, সোমবার নাগাদ কমপক্ষে ১৮৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৪৩৬ জন।

সোমবার হুবেই প্রদেশে মারা যায় ৯৩ জন। দেশের অন্য অঞ্চলে মারা যায় আরও ৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত