ঢাকা-১০ আসনে উপনির্বাচন

মনোনয়নপত্র নিলেন আ.লীগ-বিএনপির প্রার্থীসহ ৬ জন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৮ এএম

আসন্ন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বুধবার। এ নির্বাচনে লড়তে গতকাল মঙ্গলবার পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, আগারগাঁওস্থ ইটিআই ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চারজন ও ধানম-ি থানা নির্বাচন অফিস থেকে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোনো প্রার্থীই মনোনয়নপত্র জমা দেননি। এ উপনির্বাচনে লালবাগ থানা নির্বাচন অফিস থেকেও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। 

যে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম,  বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী আ. মান্নান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে শেখ ফজলে নূর তাপস এ আসন থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। গত ৬ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ এবং ভোটগ্রহণ ২১ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত