নেইমার-এমবাপের পিএসজিকে হারিয়ে দিল টিনএজ হ্যালান্ড

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫০ এএম

চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে পুরো শক্তি নিয়ে নেমেছিল পিএসজি। আক্রমণভাগে কিলিয়ান এমবাপের সঙ্গে ছিলেন চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমার। কিন্তু কাজের কাজ হলো না। বরুসিয়া ডর্টমুন্ডের টিনএজ এক স্ট্রাইকারের কাছে পর্যুদস্ত লিগ ওয়ান চ্যাম্পিয়নরা!

নিজেদের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে পিএসজিকে ২-১ গোলে হারায় ডর্টমুন্ড। গোলশূন্য প্রথমার্ধের পর তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। স্বাগতিক দলের হয়ে দুটি গোল করেন তরুণ স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। অতিথিদের হয়ে একটি গোল শোধ করেন নেইমার।

ঘরের মাঠে এই জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ডর্টমুন্ড। অন্যদিকে পিএসজিকে শেষ আট নিশ্চিত করতে ফিরতি লেগে নিজেদের মাঠে পেতে হবে বড় ব্যবধানের জয়।

তেমন জমেনি ম্যাচটির প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধেই খোলস ছেড়ে বেড় হয় উভয় দল। তাতে তারকাসমৃদ্ধ পিএসজি কাবু ডর্টমুন্ডের কাছে।

ম্যাচের ৬৯তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নিয়ে যান হ্যালান্ড। গোলপোস্টের খুব কাছে বল পেয়ে ডান পায়ের শটে জালে বল জড়ান আক্রমণভাগের এই খেলোয়াড়।

ছয় মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরান নেইমার। কিলিয়ান এমবাপের পাসে বল পেয়ে খুব কাছ থেকে নেওয়া শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

তবে সমতা বেশিক্ষণ রইল না। ৭৭তম মিনিটে দ্বিতীয় গোল করে ডর্টমুন্ডকে জয় এনে দেন হ্যালান্ড। সতীর্থের কাছ বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে হ্যালান্ডের গোল দাঁড়াল দশটি। প্রতিযোগিতাটিতে কিলিয়ান এমবাপের পর দ্বিতীয় টিনএজ ফুটবলার হিসেবে দশটি গোল করলেন ইংল্যান্ডে জন্ম নেওয়া এই নরেজিয়ান।

জোড়া গোল করে দলকে জেতাতে পেরে উচ্ছ্বসিত হ্যালান্ড, “আমার এখনও অনেক উন্নতি করার আছে, পরিশ্রম চালিয়ে যাচ্ছি। আমি চ্যাম্পিয়নস লিগে অনেক দূর যেতে চাই। আমার দ্বিতীয় গোলটা খুব উদ্‌যাপন করেছি।”

এদিন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের হার নিয়ে ফিরেছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত