তাপস পালের অকাল মৃত্যুর জন্য ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাপস নন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আরও দুই জনের প্রাণ গেছে বলেও বুধবার দাবি করেন তিনি।
তাপস পাল মঙ্গলবার ভোরে মারা যান। নামকরা এই অভিনেতা তৃণমূলের সাবেক সাংসদ। এদিন সকাল থেকে তার দেহ ছিল রবীন্দ্র সদনে। সেখানে শেষশ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মমতা।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতির তৃতীয় শিকার তাপস পাল। একটি এজেন্সির দ্বারা অত্যাচারিত হয়ে মানসিকভাবে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল তাপস। মৃত্যুর আগে জানতেও পারল না, অপরাধটা কোথায়!’
তৃণমূল নেত্রীর দাবি, সেই চাপ সামলাতে না পেরেই অসময়ে চলে গেলেন তাপস পাল।
আর্থিক সুবিধা নেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রায় ১ বছর এক মাস জেলে থাকার পর ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি কটকের ঝাড়পদা জেল থেকে মুক্তি পেয়েছিলেন তাপস পাল। বন্দিদশাতেই শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার বছর দুয়েকের মাথায় মৃত্যু হল।
