দেশব্যাপী ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় ঝালকাঠির একটি মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-২-এর বিচারক এসকে এম তোফায়েল হাসান বুধবার দুপরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– ঝালকাঠি শহরের বিকনা এলাকার ইউনুচ মল্লিকের ছেলে জিয়াউর রহমান ও রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মৃত মোশারফ হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মতো ঝালকাঠি শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। এ সময় বোমা হামলাকারী ফরিদ হোসেন বোমায় আহত হলেও জিয়াউর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিনই ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। মামলায় আহত অবস্থায় আটক ফরিদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়।
বরিশাল কোতোয়ালি থানার বোমা বিস্ফোরণের একটি মামলার আসামি আবু সোলায়মান সুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে ঝালকাঠিতে বোমা হামলার ঘটনার অন্য আসামি জিয়াউর রহমানের নাম প্রকাশ পায়। পরে পুলিশ জিয়াউর রহমানকে এ মামলায় গ্রেপ্তার করে।
