আ.লীগ প্রার্থীর অভ্যর্থনায় ছিলেন না মেয়র নাছির

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৩ এএম

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেয়র ও দলের নগর শাখার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। দলীয় মনোনয়ন পাওয়ার পর গতকাল বুধবার বিকেলে ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন রেজাউল করিম। বিকেল ৩টায় নগরীর পুরাতন রেলস্টেশনে পৌঁছার পর তাকে ফুলেল শুভেচ্ছা ও ঢাক-ঢোল বাজিয়ে বরণ করে নেন মহানগর উত্তর ও দক্ষিণ জেলা  আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এ নির্বাচনে দলের মনোনয়নবঞ্চিত চসিকের মেয়র নাছির উপস্থিত না থাকায় অনেক নেতাকর্মীকে কানাঘুষা করতে দেখা যায়।

এ প্রসঙ্গে মেয়র নাছিরের একান্ত সহকারী রায়হান ইউসুফ দেশ রূপান্তরকে বলেন, ‘নাছির ভাইয়ের মা (ফাতেমা জোহরা) গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রেজাউল ভাই সাড়ে ১২টা, ১টার দিকে পৌঁছানোর কথা ছিল। ওই সময়ে উনার যাওয়ার কথা ছিল। পরে তিনি বিকেল ৩টার দিকে পৌঁছাবেন বলে জানা যায়। এ সময় নাছির ভাইয়ের মুমূর্ষু মাকে বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেলে দেখতে আসেন এবং বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য নাছির ভাই ব্যস্ত ছিলেন। এজন্য নাছির ভাই যেতে পারেননি।’ এ সময় মেয়র নাছিরের মায়ের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত