যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে পালিত হচ্ছে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। মাতৃভাষা বাংলা রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ তাদের স্মরণ করলেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা।
ভাষা শহীদদের স্মরণে নিজেদের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা। ছবিসহ এক স্ট্যাটাসে অলরাউন্ডার সাকিব লিখেছেন- “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাঁদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।”
মুশফিকুর রহিম লিখেছেন- “আমি বাংলায় কথা বলি…আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই।”
তামিম ইকবাল লিখেছেন- “সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।”
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”- ফেসবুকে লিখেছেন তাসকিন আহমেদ।
আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া সৌম্য সরকার।
