মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশালে ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থকে নগরীর সুবিধা বঞ্চিত রসুলপুর চরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার যৌথভাবে ওই প্রতিযোগিতার আয়োজন করে।
রসুলপুর চরের সুবিধা বঞ্চিত কয়েকশ শিশু কলাগাছ, কাঠের গুঁড়ি, ইট, মাটিসহ অন্যান্য সহজলভ্য সামগ্রী দিয়ে স্থানীয়ভাবে ৩০টি শহীদ মিনার নির্মাণ করে। এই শহীদ মিনারগুলোর মধ্যে নির্মাণশৈলী ও নান্দনিকতার আলোকে সেরা নির্বাচন করা হয়।
শিশুদের নির্মিত এই শহীদ মিনারগুলোতে দিনব্যাপী ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলে।
প্রতিযোগিতার অন্যতম পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক জেলা বাসদ সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে একুশের চেতনা নিয়ে অনেক আয়োজন হয়। কিন্তু রসুলপুর চরের সুবিধা বঞ্চিত শিশুরা এই চেতনার ছোঁয়া পান না। তাদের মধ্যে একুশের চেতনা সৃষ্টির লক্ষ্যে এবং একুশ সম্পর্কে জানাতে এই আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে ওই চরের শিশুদের দেশের প্রতি ভালোবাসা কিংবা দেশপ্রেম সৃষ্টি হবে।
