একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় হাততালির ঘটনাকে কেন্দ্র করে মাগুরায় ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছাত্রদলের দাবি, ছাত্রলীগ কর্মীদের ছোড়া ইটের আঘাতে তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার আগেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্বরে জড়ো হন। পরে পুষ্পার্ঘ্য অর্পণকালে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান ও হাততালি দিতে থাকেন। এসময় ঘোষণা মঞ্চ থেকে শোকের দিনে হাততালি না দিতে তাদের সতর্ক করা হয়। এরপর কলেজ গেটের বাইরে এলে ছাত্রলীগের কয়েকজন কর্মী ছাত্রদল কর্মীদের ধাওয়া করেন। একপর্যায়ে দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, ‘রাতে জেলা ছাত্রলীগ সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে ফুল দিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বেরিয়ে আসে। ছাত্রলীগের সঙ্গে কারও কোনো সংঘর্ষ হয়নি। জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।’
জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম বলেন, ‘শহীদ মিনার এলাকার ঘোষণা মঞ্চ থেকে হাততালির বিষয়ে নিষেধ করার পর আমরা কর্মীদের নিবৃত্ত করি। পরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে ফেরার সময় জেলা ছাত্রলীগ নেতা মীর রাশেদের নেতৃত্বে ছাত্রদল ও বিএনপি নেতাদের ওপর হামলা হয়। হামলাকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল মিশরী (৩৫), যুবদল নেতা রুমি হোসেন (৪০), আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন অঙ্কুর (২০) আহত হয়েছেন।’
সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘দুপক্ষের সাময়িক উত্তেজনার ফলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতের কোনো খবর পাইনি।’
