করোনাভাইরাসের কারণে গত দুই মাসে চীনের ক্ষতি হতে পারে ১৮ হাজার ৫০০ কোটির ডলারেও বেশি। আর এই ক্ষতির মূল কারণ হিসেবে ভোক্তা ব্যয় এবং পর্যটন খাতের ধসকে দায়ী করা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী এমনটা জানিয়েছে এএফপি।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইএমএফ-এর সহকারী ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ঝু মিন গতকাল শনিবার এক অনলাইন প্রেজেন্টেশনে বলেন, কভিড-১৯ মহামারীর কারণে গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের একই সময়ে চীনের পর্যটন শিল্প আনুমানিক ৯০০ বিলিয়ন ইউয়ান ক্ষতির মুখে পড়বে।
তিনি আরও বলেন, এছাড়াও খাবার ও পানীয় খাতে এই ক্ষতির পরিমাণ হবে ৪২০ বিলিয়ন ইউয়ান। এদিকে শিক্ষা ও বিনোদন সেবার মতো খাতগুলোর অনলাইন ব্যয় অনেকে কমে যাবে। ফলে চলতি বছরের প্রথম দুই মাসে চীনের অর্থনীতি মোট ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ক্ষতির মুখে পড়বে।
ঝু মিন বর্তমানে পেইচিংয়ে অবস্থিত শিংগুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ফাইনান্সিয়াল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শনিবার তিনি ওই অনলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে করোনাভাইরাস মহামারীতে চীনের আর্থিক ক্ষতির বিবরণ তুলে ধরে এসব আশঙ্কার কথা জানান। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া হিসাব অনুযায়ী, এই আর্থিক ক্ষতির পরিমাণ ২০১৯ সালে চীনের মোট খুচরা বিক্রির ৩ দশমিক ৩ শতাংশ।
