হবিগঞ্জের প্রশাসন অবাধ্য: সুলতানা কামাল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০ পিএম

বেদখল নদী মুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন না করায় হবিগঞ্জের প্রশাসনকে ‘অবাধ্য’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

তিনি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী যেখানে দেশের নদীগুলোকে বেদখলমুক্ত করার জন্য ঘোষণা দিয়েছেন, সেখানে  হবিগঞ্জের প্রশাসনের নীরব থাকাটা রাষ্ট্রের ‘অবাধ্য প্রশাসন’’।

বর্ষা আসার আগে জেলা প্রশাসনকে পুরোনো খোয়াই নদীকে দখলদারমুক্ত করার আহ্বান জানান তিনি।

‘কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতামুক্ত হবিগঞ্জ শহর চাই’ এ প্রতিপাদ্য নিয়ে পুরোনো খোয়াই নদী অবৈধ দখলদারমুক্ত করার দাবিতে রবিবার বিকেলে হবিগঞ্জে নাগরিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন তিনি।

স্থানীয় আরডি হল প্রাঙ্গণে জেলা বাপা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি, বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, শামীম আহসান প্রমুখ।

বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, অবৈধ দখলদারদের কাছ থেকে নদী উদ্ধারের নামে বিভিন্ন স্থানে তাদের দখলের বৈধতা দেওয়ার অপচেষ্টা চলছে। আগামী দিনের সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য বাপা কাজ করছে।

প্রধান অতিথি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ দখলদারদের কবল থেকে নদী উদ্ধারের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয়  নীতিমালা ও আইন থাকা সত্ত্বেও অনেকে তা লঙ্ঘন করছেন। তিনি খোয়াই নদী দখলদারমুক্ত করতে  জনগণকে আরো সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত