বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে ভাষাগত সমস্যায় পড়লে তাদের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রবাসীদের এই পরামর্শ দেন।
তিনি বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরাও ২৪ ঘণ্টা আইইডিসিআরের হটলাইন অথবা মেইলে যোগাযোগ করতে পারেন। আইইডিসিআর তাদের সহযোগিতা করতে প্রস্তুত।
অধ্যাপক সেব্রিনা বলেন, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে আক্রান্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আমরা জানছি। সেসব দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও যোগাযোগ হচ্ছে। বাংলাদেশি আক্রান্তদের বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তারা আমাদের আশ্বস্ত করেছে। তবে এরপরও কোনো সমস্যা হলে আমাদের হটলাইন নম্বর বা ইমেইলে যোগাযোগ করতে পারেন।
সিঙ্গাপুরের পরিস্থিতি সম্পর্কে আইইডিসিআর পরিচালক বলেন, সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। আগেই ৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১ জন। এটা আমাদের জন্য একটি স্বস্তির জায়গা।
তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে যে বাংলাদেশি রয়েছেন তার উন্নতির ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ আশাবাদী। বাকি চারজনও মোটামুটি সুস্থ হওয়ার পথে।
হটলাইনে গত ২৪ ঘণ্টায় ৯৫টি কল এসেছে জানিয়ে অধ্যাপক সেব্রিনা বলেন, এর মধ্যে ৭৮টি কল কভিড-১৯ সম্পর্কিত। ৮ জন সরাসরি আইইডিসিআরে আসেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।
হটলাইনগুলো হচ্ছে : ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।
