প্রধানমন্ত্রীর পদ থেকে হঠাৎ করেই গতকাল সোমবার দুপুরে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। তার পদত্যাগপত্র গ্রহণের পর আবারও তাকে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। সোমবার তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেন রাজা।
পদত্যাগের পর স্থানীয় সোমবার বিকেল ৫টায় তিনি মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান। মাহাথির সরকারের মুখ্য সচিব মোহদ জুকি আলি বলেন, মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা। তবে নতুনভাবে সরকারপ্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।
দেশটির রাজনীতিতে সপ্তাহব্যাপী নানা নাটকীয়তার পর গতকাল পদত্যাগ করেন মাহাথির। ‘প্যাক্ট অব হোপ’ নামে আনোয়ার ইব্রাহীম যে জোট গঠন করে ২০১৮ সালের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিলেন; সেই জোটের ভেতরেই আনোয়ারবিরোধীরা এই নাটক মঞ্চস্থ করেছেন। বিরোধী নেতারা এখন নতুন একটি জোট গঠন করতে যাচ্ছেন।
বিরোধী এই জোট থেকে বাদ পড়বেন আনোয়ার ইব্রাহীম—অথচ মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে তারই হওয়ার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহীম হলেন দেশটির জনপ্রিয় সাবেক বিরোধীদলীয় নেতা। তবে সমকামিতার অভিযোগে বেশ কয়েক বছর কারাবন্দী থাকায় তার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে জটিলতা আছে।
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। তার শাসনামলে ব্যাপক উন্নয়ন হলেও স্বজনপ্রীতিসহ দুর্নীতির অভিযোগ ওঠে মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। কিছুদিন থাকার পর ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিতে তাকে প্রধানমন্ত্রী করা হলেও, ক্ষমতা গ্রহণের পর তিনি এ নিয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাচ্ছিলেন না।
সোমবার সকাল পর্যন্ত দেশটির ক্ষমতাসীন জোটের ভাগ্য ছিল অনিশ্চিত। আচমকা মাহাথিরের কার্যালয় থেকে ঘোষণা আসে, তিনি দুপুর ১টায় রাজা ‘ইয়াং দি-পেরতুয়ান আগংগ’র কাছে পদত্যাগপত্র পাঠান। বিবৃতিটি ছিল মাত্র দুই লাইনের—যেখানে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি মাহাথির।
এর কিছুক্ষণ আগে মাহাথিরের দল বারসাতু পার্টি ঘোষণা দেয়, ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান থেকে বের হয়ে যাচ্ছে তারা এবং তাদের ১১ জন আইনপ্রণেতা আনোয়ার ইব্রাহীমের দল থেকে পদত্যাগ করেছেন। ফলে ‘প্যাক্ট অব হোপ’ নামের ওই জোটে ভাঙন ধরে এবং নতুন একটি জোট গঠনের খবর শোনা যেতে থাকে।
চারপাশে গুঞ্জন ওঠে নতুন এই জোট গঠনের নেতৃত্ব দিচ্ছেন মাহাথির মোহাম্মদ। দেশটির রাজনৈতিক মহলে এমন খবর চাউর হলেও খোদ আনোয়ার ইব্রাহীমের দাবি, বিষয়টি সত্য নয়। তিনি বলেন, মাহাথির তাকে নিশ্চিত করেছেন, তিনি এর (নতুন জোট গঠন) মধ্যে নেই।
