ভারতে ছয় বিচারপতি এক সঙ্গে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৫ পিএম

ভারতের সর্বোচ্চ আদালতের ছয়জন বিচারপতি একই সঙ্গে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসে এ কথা জানান। তিনি বলেন, দেশটির প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সঙ্গে এই ফ্লু’র সংক্রমণ ঠেকাতে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন।

ভারতের আইন-আদালতের খবর বিষয়ক ওয়েবসাইট লাইভ-ল এর বরাত দিয়ে বিবিসি জানায়, একসঙ্গে এতজন বিচারপতির সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবর বিচারপতি অরুণ মিশ্রও এক শুনানি চলাকালে জানিয়েছেন সিনিয়র আইনজীবী এ সুন্দরমকে।

বিচারপতি মিশ্র এ সময় বলেন, সবাইকে অনুরোধ, যদি অসুস্থ বোধ করেন, আদালতে আসবেন না।

সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য আদালতের দুই নম্বর কক্ষে বিচারপতি সঞ্জীব খান্নাকে মাস্ক পড়েই এজলাসে শুনানি চালাতে দেখা গেছে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দাভে বলছেন প্রধান বিচারপতি এস এ বোবঢ়ে খুবই উদ্বিগ্ন। আদালতের চিকিৎসাকেন্দ্রে অতি দ্রুত সোয়াইন ফ্লু প্রতিষেধক টিকা দেওয়ার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, সোয়াইন ফ্লুয়ের একেকটি প্রতিষেধক টিকার দাম ভারতীয় মুদ্রায় বারশ রুপি। সব আইনজীবী, জুনিয়ার উকিল, সাংবাদিক বা বিচারপ্রার্থীর কাছে টিকা নেওয়ার অর্থ নাও থাকতে পারে। তাই আপাতত দশ লাখ রুপি অর্থও বরাদ্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত