প্রধানমন্ত্রীর নির্দেশে পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে : কাদের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার দুপুরে বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেট এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্পের এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই জানতেন। তিনিই নির্দেশ দিয়েছেন তাকে (পাপিয়া) গ্রেপ্তার করার জন্য এবং এটা তদন্ত করে বিষয়টি বিচারের আওতায় আনার জন্য।

তিনি আরও বলেন, কাজেই এখানে কেউ অপরাধ করে পার পেয়ে যাবে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল অ্যালাউ করবে না। তার সরকার এখনো অ্যালাউ করছে না। ভবিষ্যতেও করবে না। এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

অপকর্মের কারণে ছাত্রলীগ-যুবলীগের শীর্ষপর্যায়ের নেতাদের অব্যাহিত দেওয়া হয়েছে। ঠিক একইভাবে যুব মহিলা লীগের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত আসতে পারে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের সিদ্ধান্ত আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। যেটা দলের অভ্যন্তরে আলোচনা হবে। আর এমনিতেই যুব মহিলা লীগের সম্মেলনের সময় চলে এসেছে। মার্চে তাদের মেয়াদ শেষ। তাদের সম্মেলন করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযানের মধ্যেই পাপিয়ার এমন কর্মকান্ড চালিয়ে আসা অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে কি না জানতে চাওয়া হলে কাদের বলেন, এখন বাংলাদেশে কত কোটি লোকের দেশ? বাংলাদেশে এর আগে যারা ক্ষমতায় ছিল সেই বিএনপি কোনো নেতা বা কোনো কর্মীকে শাস্তি দিয়েছে? যে সৎ সাহস শেখ হাসিনা দেখিয়েছেন, এই সৎ সাহস বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দেখাতে পারেনি। তিনি বলেন, নিজের দলের লোককে অপকর্মের জন্য, অপরাধের জন্য আমরাই বাংলাদেশে প্রথম একটা উদাহরণ, সবার চোখের সামনে বাস্তবে সৃষ্টি করেছি। পাপিয়াকে নিয়ে বিএনপির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অভিযোগ আনবেই। অভিযোগ আনা তাদের স্বভাব। অভিযোগ আনা ছাড়া আর কোনো রাজনীতি নেই।

দলের যেসব নেতা পাপিয়া-সম্রাটের (ইসমাইল হোসেন চৌধুরী) পেছনে থেকে ইন্ধন দিয়েছে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকার নিচ্ছে কি না জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবার ব্যাপারে ভাবনা আছে কারা কাদের পেছনে আছে। কত রকমের শাস্তি আছে। অনেকে হয়তোবা দৃশ্যপটের বাইরে আছে। দেখা গেছে তারা দলে বা সরকারের কোনো পদে পদায়ন পাচ্ছে না এটাও তো শাস্তি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটা বড় দল। এই দলে ভালো-খারাপ সবই আছে। সব আমরা ভালো লোক এ দাবি আমি করি না। তবে খারাপ লোকদের চিহ্নিত করে খারাপকে তার অপকর্মের জন্য শাস্তি দেওয়ার বিধান এই দলে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত